জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
জুলাই ১২, ২০২৬, ০৩:০৮ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া পাহাড়ি ও বাঙালি ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
রোববার দুপুরের দিকে জোনের উদ্যোগে মাটিরাঙ্গার ব্যাঙমারা, ওয়াচু, গকুলপাড়া ও দয়ালকুমার পাড়ায় ৫০ প্যাকেট এবং ফটিকছড়ির বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারসহ মোট ২৫০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি জি-এর নেতৃত্বে গতকাল ফটিকছড়িতে ২০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা জোনের ওয়ারেন্ট অফিসার মো. রবিউল ইসলাম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাটিরাঙ্গা উপজেলা আমির মাওলানা আব্দুল জলিল, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত বিকাশ ত্রিপুরা, সদস্য সচিব সুনি ত্রিপুরা এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মো. সুলতান আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও ক্ষতিগ্রস্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে মাটিরাঙ্গা জোন সবসময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই সহায়তা দুর্যোগকবলিত অসহায় পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। জোন কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামীতেও এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করা হয়।
জেএইচআর