আমার সংবাদ ডেস্ক
জুলাই ১২, ২০২৬, ০৩:৫৩ পিএম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বর্দ্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
লাহিড়ী মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দুর্ঘটনার বিবরণ দিয়ে জানান, সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ওই যুবক মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন। এই সময় তাঁর কানে হেডফোন লাগানো থাকায় ট্রেনের কোনো হুইসেল তিনি শুনতে পাননি। একপর্যায়ে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রূপকর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেএইচআর