আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১৪, ২০২৬, ০৫:২০ পিএম
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই অঞ্চলের পরিস্থিতি যেন আর কোনো সামরিক সংঘাতের দিকে না যায়, সেজন্য উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বেইজিং। একই সঙ্গে এই আন্তর্জাতিক নৌপথের উপকূলীয় দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার ওপর জোর দিয়েছে দেশটি।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান।
মুখপাত্র লিন জিয়ান বলেন, উপসাগরীয় অঞ্চলে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাওয়াকে প্রাধান্য দিয়ে যুদ্ধবিরতি বজায় রাখতে হবে এবং সব পক্ষকে নতুন সংঘাত থেকে দূরে থাকতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, ওয়াশিংটন ও তেহরানের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যা যুদ্ধকে আরও উসকে দেয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায়। বেইজিং মনে করে, হরমুজ প্রণালির উপকূলীয় দেশগুলোর অধিকারের প্রতি সম্মান জানিয়ে সেখানে দ্রুত নিরাপদ ও স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করাই এখন বিশ্ব সম্প্রদায়ের মূল প্রত্যাশা।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনা এবং জাহাজ চলাচলকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটের মধ্যেই বেইজিংয়ের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হলো। সংকট কাটাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়ে চীন জানায়, একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
জেএইচআর