নরসিংদী প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬, ০৫:৪৭ পিএম
নরসিংদী শহরে অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ আব্দুল্লাহ আল ফয়সাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিজিবির সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বিকেলে শহরের দত্তপাড়া এলাকার পুরাতন লঞ্চঘাটে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রলি ব্যাগ বহন করে ওই এলাকায় অবস্থান করছিলেন আব্দুল্লাহ আল ফয়সাল। তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সদস্যরা তাকে থামিয়ে ব্যাগটি তল্লাশি করেন। এ সময় ব্যাগের ভেতর থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক আব্দুল্লাহ আল ফয়সালের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার কাউতলা গ্রামে। তাঁর বাবার নাম মিজানুর রহমান। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং ভুয়া বিজিবি সদস্য পরিচয় ব্যবহার করতেন।
এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এএন