আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
জুলাই ২৩, ২০২৬, ০৬:৩৬ পিএম
ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদীয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অসহায় কৃষক মঞ্জুরুল হকের প্রায় ৫০০ কলাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে তিনি এখন নিঃস্ব।
জানা যায়, ১৯৯০ সালে স্থানীয়ভাবে এওয়াজ-বদলের মাধ্যমে মঞ্জুরুল হক ২০ শতাংশ জমি বুঝে পান এবং দীর্ঘ ৩৫ বছর ধরে তা ভোগদখল করে আসছিলেন। তবে সম্প্রতি প্রতিপক্ষ আব্দুল করিম, আব্দুল খালেক ও তাদের সহযোগীরা পূর্বের চুক্তি অমান্য করে জমিটি জবরদখলের চেষ্টা চালাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে অবৈধ অনুপ্রবেশ করে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করে এবং কলাগাছগুলো কেটে ফেলে। এ ছাড়া ভুক্তভোগীর অন্য জমির ওপর জোরপূর্বক বালু ফেলে নানা হুমকি দেওয়া হয়।
ঘটনার প্রতিকার ও নিরাপত্তার দাবিতে ভুক্তভোগী পরিবার ময়মনসিংহের ১ম যুগ্ম জেলা জজ আদালত ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা দায়ের করেছেন (মামলা নং ০১/২০২৬ ও ৮৯৩/২০২৬)।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম জানান, পুলিশ অভিযোগ পেয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএন