আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬, ০৬:৩১ পিএম
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে বর্তমান সরকার। আমরা যে ভঙ্গুর একটা অর্থনীতি পেয়েছি, সেটাকে রিভাইভ করাটা মোটেও সহজ নয়।
শনিবার সচিবালয়ে নিজ দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমাদের দারিদ্র্য সীমা ক্রমান্বয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। ব্যবসায়ীরা কর্মচারীদের বেতন দিতে পারছেন না। ব্যাংকের টাকা ফেরত দিতে পারছে না। বৈষম্য দূর করাটাই আমাদের প্রধান কাজ। এজন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো হবে। এখানে দক্ষতা বাড়ানোর কাজ শুরু করা হয়েছে। ঘরে ঘরে বিএ, এমএ করে তো লাভ নেই। আমাদের দক্ষতা বাড়াতে হবে।এজন্য ভোকেশনাল এডুকেশনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে সরাসরি নারীদের হাতে অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে। তার মতে, পরিবারের ব্যয় ব্যবস্থাপনায় নারীরা দক্ষ হওয়ায় এতে সাশ্রয় ও বিনিয়োগ, দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।
স্বাস্থ্য খাতে ব্যয় কমাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ওপর জোর দিয়ে তিনি বলেন, ব্যক্তিগত খরচ (আউট অব পকেট এক্সপেন্ডিচার) বেশি হলে মানুষের জীবনমান কমে যায়। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে কার্যত মানুষের আয় বাড়ে।
এসএমই ও স্টার্টআপ খাতকে অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এই খাতই সবচেয়ে বড় কর্মসংস্থান সৃষ্টি করে। পাশাপাশি গ্রামীণ কুটিরশিল্প, কারিগর ও সৃজনশীল অর্থনীতিকে মূলধারায় আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজাইন, ব্র্যান্ডিং ও বিপণন সহায়তার মাধ্যমে এসব পণ্যকে আন্তর্জাতিক বাজারে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এম জি