জাবি প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫, ০৭:০৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জেইউপিসি) দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ শীর্ষক কর্মশালার আয়োজন করে।
শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রেসক্লাব কক্ষে শুরু হওয়া কর্মশালাটি বিকেল ৪টা পর্যন্ত চলে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ভিডিও ইনচার্জ মো. কুতুব উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ওয়াস্তি, সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রশিক্ষক কুতুব উদ্দিন সদস্যদের ফ্রেমিং, শ্যুটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও ব্রডকাস্টিং সিস্টেম বিষয়ে পেশাগত প্রশিক্ষণ প্রদান করেন।
বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক যুগে তথ্য-প্রযুক্তির দক্ষতা সাংবাদিকদের কয়েক ধাপ এগিয়ে রাখে। তিনি আরও উল্লেখ করেন, গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাংবাদিকতার গুরুত্ব বেড়েছে এবং এই সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধির ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এজন্য মাল্টিমিডিয়া জার্নালিজম শেখা আজকের সাংবাদিকদের জন্য অপরিহার্য।
জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারক বলেন, “ক্যাম্পাস সাংবাদিকতায় তাত্ত্বিক জ্ঞান জরুরি হলেও তা বাস্তবে প্রয়োগ করা সমান গুরুত্বপূর্ণ। আজকের কর্মশালায় হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সদস্যরা এটি বাস্তবে প্রয়োগ করতে সক্ষম হবে।”
সমাপনী বক্তব্যে জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ওয়াস্তি বলেন, “শিক্ষার পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকতার চর্চা করতে হলে মৌলিক নিয়মাবলি জানা জরুরি। আজকের কর্মশালা থেকে আমরা নতুন অনেক বিষয় শিখেছি, যা আমাদের দৈনন্দিন কাজেও প্রয়োগ করতে হবে।”
ইএইচ