জবি প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৫, ০৩:২৪ পিএম
সাম্প্রতিক ভূমিকম্প আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে অনলাইন ক্লাস।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার বলেন, সম্প্রতি রাজধানীতে ভূমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস হবে। এসময় সকল পরীক্ষা বন্ধ থাকবে। এসব বিষয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশে জানিয়ে দেওয়া হবে।
এর আগে, ভূমিকম্পের আতঙ্কে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, গত দুই দিন (শুক্রবার ও শনিবার) ঢাকা ও এর আশেপাশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। শনিবার ঢাকায় সকাল ও সন্ধ্যায় দুইবার মৃদু কম্পন অনুভূত হয়। এদিনের দুই কম্পনের কেন্দ্র ছিল ঢাকার বাড্ডা ও নরসিংদী। বিশেষজ্ঞরা এই মৃদু কম্পন থেকে বড় ভূমিকম্পের আশঙ্কা করছেন।
ইএইচ