বাকৃবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:৪২ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্ন করা ১৯২ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এর মধ্যে ৪ জন মালয়েশিয়ান ও ৫ জন নেপালি শিক্ষার্থীসহ মোট ৯ জন বিদেশি শিক্ষার্থী ছিলেন।
ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক মো. বাহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. রফিকুল ইসলাম সরদার। এছাড়া বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘দীর্ঘ সময়ের এ ইন্টার্নশিপে তোমরা বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেক কিছু শিখেছ। হাসপাতাল ও ল্যাবরেটরিতে কাজ করে পেশাগত দক্ষতা অর্জন করেছ। কেউ দেশে আবার কেউ বিদেশে ইন্টার্নশিপ করে নতুন অভিজ্ঞতা অর্জন করেছ। এ অভিজ্ঞতা তোমাদের চাকরি, উচ্চশিক্ষা কিংবা গবেষণাকাজে সহায়ক হবে।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. বাহানুর রহমান বলেন, ‘এবার ভেটেরিনারি অনুষদের ৫৫ জন ছাত্রছাত্রী বিদেশে ইন্টার্নশিপ সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তারা বাকৃবির মর্যাদা বজায় রেখেছে। প্রাণীদের ভালোবেসে তাদের কষ্ট লাঘব করেই একজন প্রকৃত ভেটেরিনারিয়ান হওয়া সম্ভব।’
অনুষ্ঠানে জানানো হয়, প্রাণী চিকিৎসা পেশা বর্তমানে শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এখন ‘ওয়ান হেলথ’ ধারণাসহ বহু পেশার সাথে সম্পৃক্ত। পেশাগত জীবনে প্রবেশের আগে এ ইন্টার্নশিপ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জোগাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইএইচ