আমার সংবাদ ডেস্ক
মে ১৩, ২০২৬, ০৯:১১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েম ও ডা. আনিকা ফারদিন ফরায়েজির আকদ সম্পন্ন হয়।
সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার কন্যা। আনিকার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিকেল ৫টার পর অনুষ্ঠিত এই আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
আকদ শেষে নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন। মোনাজাতের সময় সাদিক কায়েমসহ উপস্থিত নেতাকর্মীদের মাঝে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
বিয়ে উপলক্ষে সাদিক কায়েম ইতোমধ্যে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রমসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র বিনিময় করেছেন।
বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
নবদম্পতির জীবনের এই নতুন যাত্রায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষী ও সাধারণ শিক্ষার্থীরা অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।
জেএইচআর