আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৪, ২০২৬, ১২:০২ পিএম
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর পোস্টে লেখেন, দেশের গুরুত্বপূর্ণ এই চার খাতে গতি ফেরাতে বর্তমান মন্ত্রীদের দ্রুত পরিবর্তন করা উচিত।
এর আগে সোমবার রাতে দেওয়া অন্য এক পোস্টে জাতীয় সংসদে গঠিত ১২ সদস্যের সংবিধান সংশোধনী কমিটিকে গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে প্রত্যাখ্যান করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু নতুন সাংবিধানিক কাঠামো তৈরি না করে পুরোনো ব্যবস্থার ভেতরেই এই সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, যা জনগণের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক।
কমিটির সমালোচনা করে তিনি আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কার ও মৌলিক সাংবিধানিক পরিবর্তনের পক্ষে কথা বলে আসছেন, তাদের এই কমিটিতে যুক্ত হওয়াটা বিস্ময়কর। বিশেষ করে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলনের প্রতিনিধিদের এই সিদ্ধান্ত সবাইকে হতাশ করেছে। ক্ষমতার অংশীদার হতে গিয়ে জনগণের রাজনৈতিক অঙ্গীকার থেকে সরে আসা ঠিক হয়নি।
নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্ট জানান, কেবল কয়েকটি ধারা পরিবর্তনের মাধ্যমে দেশের সংকট দূর হবে না। তিনি সরকারকে এই কমিটি বাতিল করে অবিলম্বে একটি ‘সংবিধান সংস্কার বা রিফর্ম অ্যাসেম্বলি’ গঠনের আহ্বান জানান। যেখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার, আহত যোদ্ধা, রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ ও তরুণ প্রজন্মের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত থাকবে।
জেএইচআর