বিনোদন প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২২, ০১:২৫ এএম
আজ থেকে এক বছরেরও বেশি সময় আগে ‘ঘুড়ি’খ্যাত সংগীতশিল্পী লুৎফর হাসান ও অবন্তী সিঁথির দ্বৈত গান ‘কেমন আছো বন্ধু তুমি’ গানটি প্রকাশ পায়। ‘লুৎফর হাসান’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির ভিউয়ার্স এক লাখ ৬০ হাজারেরও বেশি হয়েছে। এই ভিউতেই ভীষণ তৃপ্ত লুৎফর হাসান।
তবে ভিউর চেয়ে গানটি শ্রোতা-দর্শকের মুখে মুখে ফিরছে। একজন শিল্পী হিসেবে লুৎফর হাসানের এখানেই সার্থকতা। গানটি একটু একটু করে আরও জনপ্রিয় হয়ে উঠছে, শিল্পী হিসেবে লুৎফর হাসান ও অবন্তী সিঁথিও শ্রোতা-দর্শকের ভালোবাসার মুগ্ধ হচ্ছেন প্রতিনিয়ত। ‘কেমন আছো বন্ধু তুমি’ গানের পর এবার তার ভাঙা সংসার সিরিজের নতুন গানে কণ্ঠ দিলেন অনন্যা আচার্য্য। গানের শিরোনাম ‘পরের ক্যামনে হও’। লুৎফর হাসানের কথা ও সুরে এই গানের সংগীত আয়োজন করেছেন তরিক ।
ভাঙা সংসার সিরিজের দ্বিতীয় গান এটি। গানটি লুৎফর ও অনন্যা গেয়েছেন। গানের অডিও সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে ভিডিও নির্মাণ হবে। প্রকাশ পাবে লুৎফর হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
লুৎফর হাসান বলেন, ‘ভাঙা সংসার সিরিজের নতুন গানে আমার সহশিল্পী অনন্যা। অনন্যা মন উজাড় করে গানটি গেয়েছে, যাকে এক কথায় অসাধারণ বলা যায়। আমি এ গানটি নিয়েও ভীষণ আশাবাদী। এটাও সত্যি নিজের চ্যানেলের জন্য গান করাটা অনেক কষ্টের। তারপরও এই গান করতে গিয়ে সংশ্লিষ্ট সবাই যে সহযোগিতা করছেন, এটা ভালো লাগার।’
লুৎফর হাসানের সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে অনন্যা আচার্য্য বলেন,‘ নতুন গান আর সেটা গুণী মানুষের সাথে হলে তা কতটা যে আনন্দের বলে বোঝানো কঠিন। ভাঙ্গা সংসার-সিরিজের নতুন গানটা নিয়ে আমি বেশী আনন্দে ছিলাম কারণ লুৎফর ভাই ভীষণ গুণী মানুষ, আমার প্রিয় ভাই। এই মানুষের সাথে কাজ করাটা আমার জন্য সৌভাগ্যের। তরিক ভাই যথারীতি দারুণ সঙ্গীতায়োজন করেছেন। অনেক অনেক ধন্যবাদ লুৎফর ভাইকে আমাকে দিয়ে গানটির সিরিজ শুরু করার জন্য। আমি ভীষণ আশাবাদী নতুন গানটি নিয়ে।’