বিনোদন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৬, ০৩:৫৩ পিএম
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মেহরীন পিরজাদা। রোববার হিমাচল প্রদেশের মনোরম পরিবেশে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রেমিক আরশ ওলাখের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
গোপন বিয়ের খবর নিয়ে গত বছর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন মেহরীন। সে সময় তিনি কথা দিয়েছিলেন, যখনই বিয়ে করবেন বিশ্ববাসীকে জানিয়েই করবেন। নিজের সেই কথা রেখেছেন এই অভিনেত্রী। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই ভক্তদের এই সুখবরটি দেন। ছবির ক্যাপশনে তিনি শুধু বিয়ের তারিখটি (২৬.০৪.২৬) উল্লেখ করেছেন।
প্রকাশিত ছবিতে মেহরীনকে ব্লাশ-পিঙ্ক রঙের চমৎকার একটি সিকুইন লেহেঙ্গায় দেখা গেছে। এর সঙ্গে মানানসই নেকলেস, কানের দুল এবং হালকা মেকআপে তিনি ছিলেন অপরূপা। অন্যদিকে বর আরশ ওলাখও কনের পোশাকের সঙ্গে মিল রেখে একই রঙের ব্লাশ-পিঙ্ক শেরওয়ানি পরেছিলেন। ছবি প্রকাশের পর থেকেই সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই নতুন দম্পতি।
মাত্র ১০ বছর বয়সে র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা মেহরীন ২০১৩ সালে ‘মিস পারসোনালিটি সাউথ এশিয়া কানাডা’ খেতাব জয় করেন। ২০১৬ সালে তেলেগু সিনেমা ‘কৃষ্ণা গাডি ভীরা প্রেমা গাধা’ দিয়ে রূপালি পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর ২০১৭ সালে ‘ফিল্লোরি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী।
জেএইচআর