বিনোদন ডেস্ক
জুলাই ১, ২০২৬, ০৬:৩৫ পিএম
কলম্বিয়ার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় মডেল ও ইনফ্লুয়েন্সার নাতালিয়া ভিয়ালবার (৩৬) মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। একটি স্যুটকেসের ভেতর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। তিনি গত ৩ জুন থেকে দেশটির রাজধানী বোগোটার এল চিকো এলাকার একটি অভিজাত অ্যাপার্টমেন্টে থাকছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম এল পাইসের তথ্য অনুযায়ী, গত ২১ জুন ওই অ্যাপার্টমেন্ট থেকে নাতালিয়ার চেক-আউট করার কথা ছিল। কিন্তু পরদিন এক পরিচ্ছন্নতাকর্মী কক্ষটিতে প্রবেশ করে স্যুটকেসের ভেতরে তাঁর মরদেহ দেখতে পান। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে নেমে ৪৬ বছর বয়সী ব্রিটিশ নাগরিক ম্যাথিউ অ্যাশলি ফস্টার-স্মিথকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ওই নারীকে হত্যা এবং প্রমাণ নষ্ট করার অভিযোগে সন্দেহভাজন ফস্টার-স্মিথকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ ঘেঁটে তদন্তকারীরা জানান, নাতালিয়া একা থাকার সময় ফস্টার-স্মিথ তাঁর ফ্ল্যাটে ঢোকেন। সেখানে তাঁকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে ঘটনাটি আড়াল করতে মরদেহ স্যুটকেসে ভরে রাখা হয়। এমনকি অপরাধের আলামত নষ্ট করতে ঘটনাস্থলও বিকৃত করা হয়েছিল।
অভিযুক্তকে ধরতে কলম্বিয়া, ইকুয়েডর ও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান চালায়। গত ২৬ জুন ইকুয়েডরের কুইটো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফস্টার-স্মিথকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের ঠিক কয়েক ঘণ্টা আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফস্টার-স্মিথ দাবি করেন, তিনি নির্দোষ এবং ঘটনার সময় তিনি ইউরো কাপের ফুটবল ম্যাচ দেখছিলেন ও শপিং সেন্টারে ঘুরছিলেন।
গ্রেপ্তারের পর জানা গেছে, ওই ব্রিটিশ নাগরিকের অপরাধের অতীত রেকর্ড রয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে এক নারীকে ক্রমাগত অনুসরণ ও হয়রানির (স্টকিং) দায়ে তিনি দুই বছরের বেশি সময় জেল খাটেন। চলতি বছরের জানুয়ারিতে জামিনে মুক্তির পর তাঁর ওপর কঠোর পুলিশি নজরদারি ও ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল।
এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত এখনও চলছে। তবে বিদেশি নাগরিক ও স্বল্পমেয়াদি ভাড়ার আবাসনকে কেন্দ্র করে নারীদের নিরাপত্তা নিয়ে কলম্বিয়ায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জেএইচআর