বিনোদন ডেস্ক
জুলাই ২, ২০২৬, ০১:৪৩ পিএম
ফুটবল মাঠের পর এবার হলিউডের সুপারহিরো দুনিয়ায় পা রাখলেন মহাতারকা লিওনেল মেসি। মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের সঙ্গে একই ফ্রেমে দেখা গেছে এই ফুটবল জাদুকরকে।
সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের প্রকাশ করা একটি বিশেষ প্রচারণামূলক ভিডিওর মাধ্যমে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন তিনি। তবে এই ভিডিওর চেয়েও বেশি চর্চা হচ্ছে সেখানে মেসির পারিশ্রমিক নিয়ে।
প্রায় ৪০ সেকেন্ডের এই ভিডিওর শুরুতে দেখা যায়, পিটার পার্কার একটি কফিশপে বসে ফোনে কথা বলছেন। ঠিক তখনই হাতে একটি বিশেষ ট্র্যাকার নিয়ে সেখানে প্রবেশ করেন মেসি।
কিছুক্ষণ পর পিটার নিজের রূপ বদলে স্পাইডারম্যান হয়ে যান। ভিডিওর শেষ মুহূর্তে নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের জালে ভর করে উড়তে দেখা যায় মেসিকে, যা দর্শকদের জন্য ছিল এক বড় চমক।
ভিডিওটি প্রকাশের পরই হলিউডভিত্তিক কয়েকটি সূত্র দাবি করেছে, এই ক্লিপে মাত্র ২০ সেকেন্ডের উপস্থিতির জন্য মেসি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকা। তবে সনি পিকচার্স কিংবা মেসির প্রতিনিধিদের পক্ষ থেকে এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করা হয়নি।
ধারণা করা হচ্ছে, এই ভিডিওটি মার্ভেলের আসন্ন সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এর প্রচারণার অংশ। সিনেমাটি আগামী ৩১ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভিডিওতে মেসির হাতে থাকা ‘স্পাইডি ট্র্যাকার’ও দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
কমিকস অনুরাগীদের মতে, এটি পিটার পার্কারের তৈরি একটি বিশেষ ডিভাইস, যা দিয়ে ভিলেন ডক্টর অক্টোপাসকে ট্র্যাকিং করা হতো। এই ট্র্যাকারের পর্দায় একাধিক লাল সংকেত দেখা যাওয়ায় অনেক ভক্তই মনে করছেন, এটি মার্ভেলের মাল্টিভার্সের নতুন কোনো ইঙ্গিত হতে পারে।
জানা গেছে, নতুন সিনেমার গল্প শুরু হবে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’–এর ঘটনার পর থেকে, যেখানে পৃথিবীর সবাই ভুলে গিয়েছিল যে পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান।
নতুন এই অধ্যায়ে তার সঙ্গে ‘পানিশার’ ও ‘হাল্ক’-এর মতো চরিত্রদেরও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে মেসির এই উপস্থিতি ফুটবলপ্রেমী ও মার্ভেল ভক্ত দুই পক্ষের মধ্যেই আলাদা উন্মাদনা তৈরি করেছে।
জেএইচআর