ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসলামাবাদে হামলা, ভারতের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান নয়াদিল্লির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৭:১৬ পিএম

ইসলামাবাদে হামলা, ভারতের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান নয়াদিল্লির

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের পেছনে ভারতের হাত রয়েছে বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি অভিযোগ করেছেন যে এই হামলায় ‘ভারতের সক্রিয়ভাবে সমর্থিত’ চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত। তবে পাকিস্তানের এই হামলার সঙ্গে নয়াদিল্লির যোগসূত্রের অভিযোগকে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘নিশ্চিতভাবেই উন্মাদ হয়ে যাওয়া পাকিস্তানের নেতৃত্ব যে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন তা ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে’।

তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরে যখন সেনাবাহিনীর মদতে সাংবিধানিক কাঠামোকে ভেঙে দেওয়ার এবং ক্ষমতা দখলের প্রচেষ্টা চলছে, তা থেকে তাদের নিজেদের জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিতে ভারতের বিরুদ্ধে মিথ্যা আখ্যান তৈরি করা পাকিস্তানের পরিচিত কৌশল। আন্তর্জাতিক মহল ভালো করেই জানে বাস্তবটা কী এবং পাকিস্তান মরিয়া হয়ে নজর ঘোরানোর যে চেষ্টা করছে তাতে তারা বিভ্রান্ত হবে না’। 

এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১২টা ৩৯ মিনিটের দিকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। 

তিনি সাংবাদিকদের জানান, হামলাকারী বিস্ফোরণের আগে প্রায় ১২ মিনিট আদালতের বাইরে দাঁড়িয়ে ছিল। সে প্রথমে আদালতের ভেতরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তা করতে না পেরে পুলিশের গাড়ি লক্ষ্য করে আক্রমণ করে। 

নাকভি আরও বলেন, ‘তদন্ত চলছে এবং আক্রমণকারীকে শনাক্ত করাই সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আজকের এই বিস্ফোরণকে অনেক কিছুর সঙ্গে যুক্ত করছি, আমরা এই বিস্ফোরণটিকে শুধু একটি বিস্ফোরণ হিসেবে নিচ্ছি না। আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যে আমরা এটি সম্পর্কে খুব স্পষ্ট হয়ে উঠব।’ 

এদিকে এই বিস্ফোরণের পেছনে ভারতের হাত রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি অভিযোগ করেছেন যে এই হামলায় “ভারতের সক্রিয়ভাবে সমর্থিত” চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত।

ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা নিন্দনীয়। ভারতকে এই অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে।’

শাহবাজ শরিফ আরও জানান, তিনি ইসলামাবাদের এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করা হবে।

যদিও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বিস্ফোরণের জন্য আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘কাবুলের শাসকরা পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে এই যুদ্ধ নিয়ে আসা কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান পুরোপুরি দিতে সক্ষম’।

অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)। একই সঙ্গে এই ধরনের আরও হামলা চালানোর হুমকি দিয়েছে গোষ্ঠীটি।

মঙ্গলবার এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ‘আমাদের যোদ্ধা ইসলামাবাদের বিচার বিভাগীয় কমিশনে হামলা চালিয়েছে। পাকিস্তানের অনৈসলামিক আইনের অধীনে যারা রায় প্রদান করেছেন; সেই বিচারক, আইনজীবী ও কর্মকর্তারাই আমাদের লক্ষ্য ছিলেন।’

দেশটিতে আরও হামলা চালানোর হুমকি দিয়ে টিটিপি বলেছে, ‘মুসলিমপ্রধান পাকিস্তানে ইসলামী শরিয়া আইন কার্যকর না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে।’

সূত্র: এনডিটিভি, ডন

ইএইচ

Link copied!