আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ৭, ২০২৬, ০৩:০৬ পিএম
সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা আগামী ঈদুল আজহায় টানা ছয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। সম্প্রতি খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালের মে মাসে আরাফাহ দিবস ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই ছুটির ঘোষণা আসতে যাচ্ছে।
ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ মাসের ৯ তারিখে পবিত্র আরাফাহ দিবস পালিত হয়, যার ঠিক পরদিন থেকে শুরু হয় তিন দিনব্যাপী ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। জ্যোতির্বিজ্ঞানের প্রাথমিক হিসাব মতে, ২০২৬ সালে আরাফাহ দিবস হতে পারে ২৬ মে (মঙ্গলবার)। সেই অনুযায়ী ২৭ থেকে ২৯ মে পর্যন্ত থাকবে ঈদুল আজহার নির্ধারিত ছুটি। এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে মোট ছুটির পরিমাণ দাঁড়াবে ছয় দিন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কোনো চাকরিজীবী যদি ২৫ মে (সোমবার) একদিনের বাড়তি ছুটি নেন, তবে সাপ্তাহিক ছুটিসহ তিনি টানা ৯ দিনের এক বিশাল অবকাশ যাপনের সুযোগ পাবেন। যা ভ্রমণ বা সপরিবারে ঈদ উদযাপনের জন্য একটি বিশেষ সুযোগ তৈরি করবে।
তবে এই সমস্ত তারিখ জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সৌদি আরবে চাঁদ দেখার পর আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করা হবে। সম্ভাব্য হিসাব অনুযায়ী ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হতে পারে।
পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক অন্যতম উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে পশু কোরবানির মাধ্যমে এই ইবাদত পালন করা হয়। এই উৎসবের মূল শিক্ষা হলো অহমিকা বিসর্জন দিয়ে হৃদয়ে তাকওয়া বা আল্লাহভীতি লালন করা। সঠিক নিয়মে ও শুদ্ধ নিয়তে কোরবানি আদায়ের মাধ্যমেই এই ইবাদতের সার্থকতা নিহিত।
জেএইচআর