আন্তর্জাতিক ডেস্ক
মে ৭, ২০২৬, ০২:৩৯ এএম
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে এক নজিরবিহীন রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। নির্বাচনে পরাজয়ের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে রাজি নন।
বুধবার তিনি কঠোর ভাষায় বলেন, এই নির্বাচনের ফলাফল মানি না। তারা চাইলে আমাকে বরখাস্ত করতে পারে, তবে আমি চাই এই দিনটি ‘কালো দিন’ হিসেবে ইতিহাসে থাকুক।
৭১ বছর বয়সী এই নেত্রী ফল ঘোষণার পর থেকেই নিজের অবস্থানে অনড় রয়েছেন এবং সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন।
একই দিন দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা জানান, ২৯ এপ্রিল থেকে শুরু হওয়া কথিত নির্বাচন-পরবর্তী সহিংসতার বিরুদ্ধে তারা আদালতের শরণাপন্ন হবেন। পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তিনি কঠোর অবস্থান নেন। জনসমক্ষে দলের বিরুদ্ধে বক্তব্য দিলে ব্যবস্থা নিতে একটি শৃঙ্খলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবাদ হিসেবে বিধানসভার অধিবেশন শুরুর দিনে দলীয় সদস্যদের কালো পোশাক পরার নির্দেশ দিয়েছেন তিনি। তার অভিযোগ, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে এবং মহারাষ্ট্র, হরিয়ানা ও বিহারের মতো পশ্চিমবঙ্গেও বিজেপি-বিরোধী জোটকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী পদপ্রত্যাশী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এসব অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করেছেন। তার দাবি, রাজ্যে বড় ধরনের কোনো রাজনৈতিক সহিংসতা হয়নি; বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা ২০২১ সালের তুলনায় অনেক কম।
তিনি আরও বলেন, রাজ্যে কোনো ধরনের সন্ত্রাস বা গুন্ডামি সহ্য করা হবে না এবং বিজেপি সরকার গঠিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এম জি