আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ৯, ২০২৬, ০৭:১৭ পিএম
লন্ডনে এক ইরানি সাংবাদিকের ওপর ছুরিকাঘাতের ঘটনায় ব্রিটেনের তোলা অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে ইরান। এ ঘটনার জেরে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের ধারাবাহিক অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ কারণে ব্রিটিশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে ইরানের জনগণের প্রতি যুক্তরাজ্য সরকারের আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।
গত সপ্তাহে লন্ডনে নিজ বাসার সামনে ফারসি ভাষার টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালের উপস্থাপক পুরিয়া জেরাতির ওপর ছুরি হামলার ঘটনায় দুই রোমানিয়ার নাগরিককে যথাক্রমে ১২ ও ৮ বছরের কারাদণ্ড দেন ব্রিটিশ আদালত।
রায় ঘোষণার সময় বিচারক বলেন, হামলাটি ইরান সরকারের নির্দেশে সংঘটিত হয়েছে বলে শক্ত প্রমাণ পাওয়া গেছে। পরে যুক্তরাজ্যের নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল এ ঘটনাকে ‘জঘন্য’ উল্লেখ করে বলেন, এ ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে ইরান ব্রিটিশ রাষ্ট্রদূতকে জানায়, যুক্তরাজ্য এমন কিছু গণমাধ্যমকে আশ্রয় দিচ্ছে, যেগুলো তাদের ভাষ্য অনুযায়ী বর্ণবাদী ও ভুয়া ইসরায়েলি শাসনব্যবস্থার অর্থায়নে পরিচালিত হয় এবং সহিংসতা ও সন্ত্রাসবাদে উসকানি দেয়। ইরানের দাবি, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সন্ত্রাসবাদে সহায়তা না করার বাধ্যবাধকতার পরিপন্থী। তাই এসব কার্যক্রম দ্রুত বন্ধ করা উচিত বলে ব্রিটিশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এম জি