নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৫, ০৩:১৮ পিএম
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম (৩৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।
রোববার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ফাওজুল কবির খান বলেন, “নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া পরিবারের মধ্যে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে।”
তিনি আরও জানান, আহতদের চিকিৎসার পুরো ব্যয় মেট্রোরেল কর্তৃপক্ষ বহন করবে।
“আমি একটু পরেই হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেব,” বলেন তিনি।
দুর্ঘটনার কারণ তদন্তে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, রোববার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম ঘটনাস্থলেই নিহত হন। নিহতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে।
ইএইচ