আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:০২ পিএম
সারাদেশে গত কয়েক দিন শীতের প্রকোপ কিছুটা কম থাকলেও ফের তাপমাত্রা কমে ঠান্ডা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশজুড়ে তাপমাত্রা ওঠানামা করতে পারে। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী রোববার রাত ও দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও সোমবার থেকে ফের রাতের তাপমাত্রা সামান্য কমতে শুরু করবে। তবে পরদিন মঙ্গলবার থেকে তাপমাত্রা পুনরায় সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।
জেএইচআর