আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১১, ২০২৬, ০৯:৪৭ এএম
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে রোববার (১২ এপ্রিল) থেকে, যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী এই ছুটি নির্ধারিত হয়েছে।
ছুটির সূচি অনুযায়ী, রোববার বৈসাবি উৎসব উপলক্ষে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি রয়েছে। আর মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।
ফলে এই তিন দিনের ধারাবাহিক ছুটিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ পাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
এএন