ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিরাপদ ঈদযাত্রায় পুলিশের নির্দেশনা ও পরামর্শ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ০৫:৩৭ পিএম

নিরাপদ ঈদযাত্রায় পুলিশের নির্দেশনা ও পরামর্শ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে দেশবাসীর প্রতি বিভিন্ন পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বিশেষ করে ঈদযাত্রা, সড়ক নিরাপত্তা, পশুর হাট ব্যবস্থাপনা ও আর্থিক লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বুধবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়।

পুলিশ জানিয়েছে, ঈদে বাড়ি যাওয়া ও ফেরার ক্ষেত্রে যাত্রীদের আগেভাগে ভ্রমণ পরিকল্পনা করা উচিত। এতে শেষ মুহূর্তের অতিরিক্ত ভিড় ও দুর্ভোগ এড়ানো সম্ভব হবে। একই সঙ্গে বাস, ট্রেন, লঞ্চ বা অন্যান্য যানবাহনের ছাদে কিংবা পণ্যবাহী গাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, চালকদের দ্রুতগতিতে গাড়ি চালাতে চাপ না দিতে এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে। অপেশাদার, অসুস্থ বা ক্লান্ত চালকের হাতে গাড়ি না দেওয়ার বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

হাইওয়েতে নসিমন, করিমন ও ভটভটির মতো অনিরাপদ যানবাহন ব্যবহার না করার পাশাপাশি ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ট্রেনে যাতায়াতের সময় পাথর নিক্ষেপ ও চুরি-ছিনতাইয়ের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ না করতেও অনুরোধ জানানো হয়েছে।

নৌপথে যাতায়াতকারীদের জন্যও বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ায় ঝুঁকি নিয়ে নৌযানে না ওঠা, লঞ্চ ও ফেরিতে ওঠানামার সময় সতর্ক থাকা এবং নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও নিরাপত্তা সরঞ্জাম রাখার কথা বলা হয়েছে।

যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহজনক কিছু দেখলে নিকটস্থ পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

কোরবানির পশু পরিবহন ও পশুর হাট ব্যবস্থাপনা নিয়েও নির্দেশনা দিয়েছে পুলিশ। ট্রাক বা নৌযানে অতিরিক্ত পশু বহন না করা, মহাসড়ক কিংবা রেললাইনের পাশে পশুর হাট না বসানো এবং নির্ধারিত হারে হাসিল আদায়ের বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এছাড়া পশুবাহী গাড়িতে গন্তব্যের নাম উল্লেখ করে ব্যানার টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো বৈধ অভিযোগ ছাড়া পথে পশুবাহী যানবাহন থামানো যাবে না বলেও জানানো হয়েছে।

পুলিশ আরও বলেছে, পশুর হাটে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা নিরাপদ। প্রয়োজনে পুলিশের কারেন্সি এস্কর্ট সুবিধা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। জাল টাকা ও মোবাইল ব্যাংকিং প্রতারণা থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

শপিংমল ও মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে পুলিশ সদর দপ্তর।

প্রয়োজনে যোগাযোগের জন্য বিভিন্ন সংস্থার হটলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ছাড়াও হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ ও র‍্যাবের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এম জি

Link copied!