ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাস্তবায়নের আগ মুহূর্তে পে স্কেলের সুবিধায় যুক্ত হচ্ছেন যারা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৬, ০৯:১৮ পিএম

বাস্তবায়নের আগ মুহূর্তে পে স্কেলের সুবিধায় যুক্ত হচ্ছেন যারা
বাস্তবায়নের আগ মুহূর্তে পে স্কেলের সুবিধায় যুক্ত হচ্ছেন যারা। সংগৃহীত ছবি

প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতির মধ্যেই বড় সুখবর পেতে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে স্কেল কার্যকর হলে সারাদেশের প্রায় ৪ লাখ ৭৮ হাজার শিক্ষক ও কর্মচারী এর আওতায় আর্থিক সুবিধা পাবেন।

শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ চলছে। পাশাপাশি ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মীদের ক্ষেত্রে শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাবও আলোচনায় রয়েছে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৬ হাজার ৯৩টি। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৮৯৮ জন।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডভুক্ত এমপিও প্রতিষ্ঠানের অধ্যক্ষদের বর্তমান ৫০ হাজার টাকার মূল বেতন ৫০ শতাংশ বাড়লে তা ৭৫ হাজার টাকায় পৌঁছাতে পারে। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের ৩৫ হাজার ৫০০ টাকার বেসিক বেড়ে ৫৩ হাজার ২৫০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তম গ্রেডের প্রধান শিক্ষক ও উপাধ্যক্ষদের ২৯ হাজার টাকার মূল বেতন বেড়ে ৪৩ হাজার ৫০০ টাকায় উন্নীত হতে পারে।

এ ছাড়া নবম গ্রেডের কলেজ প্রভাষকদের বর্তমান ২২ হাজার টাকার বেতন ৩৩ হাজার টাকা এবং দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের ১৬ হাজার টাকার মূল বেতন ২৪ হাজার টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির আলোচনা চলছে। ১১তম গ্রেডের বিএডবিহীন সহকারী শিক্ষকদের ১২ হাজার ৫০০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে ১৮ হাজার ৭৫০ টাকা হবে। আর শতভাগ বাড়লে তা দাঁড়াবে ২৫ হাজার টাকায়।

১৬তম গ্রেডের অফিস সহকারী কাম হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটরদের ৯ হাজার ৩০০ টাকার মূল বেতন ৫০ শতাংশ বাড়লে ১৩ হাজার ৯৫০ টাকা এবং দ্বিগুণ হলে ১৮ হাজার ৬০০ টাকায় পৌঁছাতে পারে।

একইভাবে ১৮তম গ্রেডের ল্যাব সহকারীদের ৮ হাজার ৮০০ টাকার বেতন ৫০ শতাংশ বাড়লে হবে ১৩ হাজার ২০০ টাকা, আর শতভাগ বাড়লে দাঁড়াবে ১৭ হাজার ৬০০ টাকা। ২০তম গ্রেডের অফিস সহায়ক, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াদের বর্তমান ৮ হাজার ২৫০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে ১২ হাজার ৩৭৫ টাকা এবং দ্বিগুণ হলে ১৬ হাজার ৫০০ টাকায় উন্নীত হতে পারে।

বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ছে বাড়িভাড়া ভাতাও। গত বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে মোট ১৫ শতাংশ বৃদ্ধির অনুমোদন দেয়।

এর মধ্যে প্রথম ধাপের ৭ দশমিক ৫ শতাংশ বাড়িভাড়া গত বছরের নভেম্বর থেকেই কার্যকর হয়েছে। আগামী ১ জুলাই থেকে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হয়ে মোট বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত হবে। তবে সর্বনিম্ন ভাতা ২ হাজার টাকা বহাল থাকবে।

এএন

Link copied!