বিশেষ প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৯:০৫ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “অনেকে মনে করছেন নির্বাচন সহজ হবে। আমি এক বছর আগে বলেছিলাম, যতটা সহজ ভাবা হচ্ছে, বিষয়টি ততটা সহজ নয়। পারস্পরিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, সেটিই সত্য হতে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ বিএনপির আন্দোলন থামবে না।”
তিনি আরও বলেন, “জনগণের চাওয়া ও সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করবে না। গণতন্ত্রকে যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, সে জন্য গণতন্ত্রকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।”
সোমবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলকে আলোচনায় ডেকেছে, সবাই মতামত দিয়েছে। বিএনপি যেসব বিষয়ে একমত হতে পারেনি, সেসব ক্ষেত্রে আসুন জনগণের ওপর আস্থা রাখি। সিদ্ধান্তের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিই। আমরা সরকার গঠনে সক্ষম হলে কীসের ভিত্তিতে দেশ পরিচালনা করব, তা আড়াই বছর আগেই উপস্থাপন করেছি।”
এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুর করিম। আরও বক্তব্য দেন দলের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, জেলা মহিলাদলের সভাপতি ফরাতুন নাহার প্যারিস, ছাত্রদল সভাপতি মো. কায়েস আলী প্রমুখ।
উল্লেখ্য, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২৪ মে। দীর্ঘ ৮ বছর পর সোমবার অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. পয়গাম আলী। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আগেই মির্জা ফয়সল আমিনকে পুনরায় নির্বাচিত ঘোষণা করা হয়।
ইএইচ