ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে দুশ্চিন্তার ভাঁজ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০১:১৫ পিএম

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে দুশ্চিন্তার ভাঁজ

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে নরওয়ে। শনিবার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে দলের নির্ভরযোগ্য রাইট-ব্যাক জুলিয়ান রায়ারসনের খেলা এখনো অনিশ্চিত।

উরুর হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার গ্রুপ পর্ব থেকেই মাঠের বাইরে রয়েছেন। ম্যাচের আগের অনুশীলনে তিনি সতীর্থদের সঙ্গে অংশ নিলেও শুরু থেকে খেলার মতো শারীরিকভাবে প্রস্তুত নন বলেই মনে করছে নরওয়ের কোচিং স্টাফ।

রায়ারসন না খেললে নরওয়ের রক্ষণভাগে বড় চাপ তৈরি হতে পারে। কারণ, তার দিক দিয়েই আক্রমণে ঝড় তুলতে পারেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে চার গোল করা ভিনিসিয়ুস দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাকে সামলাতে নরওয়ের কোচ স্টেল সলবাকেন বিকল্প হিসেবে পেডারসেন কিংবা মিডফিল্ডার ফ্রেডরিক আর্সনেসকে রাইট-ব্যাক পজিশনে খেলানোর কথা বিবেচনা করছেন।

সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১৩ মিনিট খেলেই চোট নিয়ে মাঠ ছাড়েন রায়ারসন। এরপর ফ্রান্স ও আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচেও তিনি স্কোয়াডের বাইরে ছিলেন।

ম্যাচের আগের শেষ অনুশীলনে কৌশলগত পরিকল্পনা গোপন রেখেছে নরওয়ে। সংবাদমাধ্যমকে কেবল অনুশীলনের শুরুর অংশ দেখার সুযোগ দেওয়া হয়। সেখানে দলের দুই তারকা মার্টিন ওডেগার্ড ও আর্লিং হলান্ডকে অনুশীলন করতে দেখা গেছে। তবে মূল কৌশলগত প্রস্তুতি হয়েছে রুদ্ধদ্বার পরিবেশে।

দ্রুতগতির কাউন্টার অ্যাটাককে গুরুত্ব দিয়ে আক্রমণভাগেও পরিবর্তনের আভাস মিলেছে। সে ক্ষেত্রে লম্বা গড়নের স্ট্রাইকার আলেকজান্ডার সরলথের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন গতিময় ফরোয়ার্ড অস্কার বব।

পরিসংখ্যান অবশ্য নরওয়েকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে কোনো ম্যাচেই হারেনি ইউরোপের দেশটি। দুই দলের পাঁচটি মুখোমুখি লড়াইয়ের মধ্যে নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, আর বাকি তিনটি ড্র হয়েছে। সেই রেকর্ডকে পুঁজি করেই বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে সেলেসাওদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নরওয়ে।

এম জি

Link copied!