স্পোর্টস ডেস্ক
জুলাই ১৬, ২০২৬, ০৩:০১ পিএম
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ইংল্যান্ডের বিদায়ের পর অধিনায়ক হ্যারি কেইনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এখনই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর কোনো সিদ্ধান্ত নিতে চান না এই ইংলিশ স্ট্রাইকার। বরং আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির উদাহরণ সামনে এনে ভবিষ্যতে আরও একটি বিশ্বকাপে খেলার সম্ভাবনা খোলা রেখেছেন তিনি।
বুধবার আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে কেইনকে প্রশ্ন করা হয়, ২০২৬ বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ কি না। জবাবে বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড জানান, এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। নিজের শারীরিক অবস্থা ও পারফরম্যান্স বিবেচনা করেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চান তিনি।
কেইন বলেন, “আমি এক বছর করে এগোতে চাই এবং দেখতে চাই নিজেকে কেমন অনুভব করি। ইংল্যান্ডের হয়ে খেলতে আমি ভীষণ ভালোবাসি। তবে চার বছর অনেক দীর্ঘ সময়।”
এরপর তিনি লিওনেল মেসির প্রসঙ্গ তুলে বলেন, “মেসির মতো একজন খেলোয়াড় এখনো বেশি বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলছেন। তাই সত্যি বলতে আমি জানি না। এই মুহূর্তে আমার লক্ষ্য শুধু এই বিদায়ের হতাশা কাটিয়ে ওঠা। আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সেটি যথেষ্ট হয়নি।”
বর্তমানে ৩৩ বছর বয়সী কেইন আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চাইছেন না। আগামী দুই বছর পর রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সেখানে ইংল্যান্ড দলের নেতৃত্বেও তাকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও কেইনের সঙ্গে নতুন চুক্তি করার বিষয়ে আগ্রহী। ফলে ক্লাব ও জাতীয় দল—দুই জায়গাতেই তার সামনে আরও কয়েক বছর খেলার সুযোগ রয়েছে।
সবকিছু বিবেচনায় ইংল্যান্ডের জার্সিতে হ্যারি কেইনের পথচলা এখনই শেষ হচ্ছে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। মেসির মতো দীর্ঘ ক্যারিয়ার ধরে রাখার লক্ষ্য নিয়ে তিনি আরও কিছুদিন আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় থাকতে পারেন।
এএন