বিনোদন প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২২, ০১:৪৯ এএম
‘নবাব সিরাজ উদ্দৌলা’ সিনেমায় আলেয়া চরিত্রে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা। আর এই যুগের আলেয়া চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নায়মা আলম মাহা। বিষয়টি নিশ্চিত করেছেন মাহা নিজেই।
বায়ান্ন পর্বেও ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’তে আলেয়া চরিত্রে অভিনয় করছেন তিনি। ধারাবাহিক এ নাটকটি নির্মাণ করছেন যৌথভাবে আবু হায়াত মাহমুদ ও সাঈদুর রহমান রাসেল। ধারাবাহিক এ নাটকটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব।
নাটকটিতে আলেয়া চরিত্রে অভিনয় প্রসঙ্গে মাহা বলেন,‘ আমার চরিত্রটি নিয়ে আসলে আমি অনেক বেশি উচ্ছ্বসিত। নাটকের পরিচালক’দ্বয়, প্রযোজক’সহ আরো যারা এই নাটকটি নির্মাণের নেপথ্যে আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আমি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছি। নবাব সিরাজ উদ্দৌলার আলেয়ার সঙ্গে এই আলেয়ার মিল নেই। কারণ এই আলেয়া এ যুগের আলেয়া। চরিত্রটির গেটআপটা আমার নিজের কাছেই ভালো লেগেছে। আশা করছি দর্শকের ভীষণ ভালো লাগবে। কারণ এ ধরনের চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়ে উঠেনি। তবে আরো মনোযোগ দেয়া গেলে চরিত্রটি আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতাম।’
নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় মাহা কিছু দিন আগে নতুন ধারাবাহিক নাটক ‘সখী সব করে রব’-এর কাজ শুরু করেছিলেন। এই ধারাবাহিকের গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই ধারাবাহিকটিই এরই মধ্যে প্রচার শুরু হয়েছে চ্যানেল আইতে। মারুফ রেহমানের গল্পে এই ধারাবাহিকের প্রচারের শুরু থেকেই মাহা বেশ ভালো রেসপন্স পাচ্ছেন। তার অভিনীত চরিত্রটিও বেশ আলোচনায এসেছে।
মাহা জানান, তার অভিনীত নিমা রহমান পরিচালিত ‘গুলশান এভিনিউ সিজন টু’, কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’, সাগর জাহান পরিচালিত ‘অনলাইন অফলাইন’ নিয়মিত বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এ ছাড়াও শিগগিরই প্রচারে আসছে মাহা অভিনীত সালাহ উদ্দিন লাভলু পরিচালিত ‘ষণ্ডা পাণ্ডা’ ধারাবাহিক নাটকটি।’
এতে মাহা’র সহশিল্পী হিসেবে আছেন চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী’সহ আরো অনেকে। নাটকটি রচনা করেছেন বুন্দাবন দাস। সাম্প্রতিক সময়ে মাহা অভিনীত একক নাটকের মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে সজলের বিপরীতে ‘বেলা অবেলা’ নাটকটি। এ নাটকটি নির্মাণ করেছেন এহসান এলাহী বাপ্পী।