ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

দেশের গর্ব, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা

ইয়ামিনুল হাসান আলিফ

ইয়ামিনুল হাসান আলিফ

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:৪৪ পিএম

দেশের গর্ব, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা
  • আধুনিক উড়োজাহাজে এখন প্রযুক্তিনির্ভর 
  • অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিস্তৃত কার্যক্রম
  • ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে সেবা সহজীকরণ ও আধুনিকায়ন

দেশের জাতীয় পতাকাবাহী ও একমাত্র সরকারি বিমান পরিবহন সংস্থা হিসেবে বাংলাদেশের আকাশপথে গৌরবের প্রতীক হিসেবে স্বাধীকার পর থেকেই কাজ করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যাত্রী পরিবহন, বাণিজ্যিক মালামাল পরিবহন ও বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। 

সামপ্রতিক বছরগুলোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নানাবিধ ইতিবাচক পরিবর্তন ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছে- যা প্রতিষ্ঠানটির সার্বিক মানোন্নয়নে সহায়ক হয়েছে। আধুনিক বিমান সংযোজন থেকে শুরু করে যাত্রীসেবা ও প্রযুক্তির ব্যবহারে এই উন্নয়নমূলক পদক্ষেপগুলো যাত্রীদের আস্থা অর্জন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে সহায়তা করছে। 

বাংলাদেশের আকাশপথে যাত্রী ও মালামাল পরিবহনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক অগ্রগণ্য নাম। জাতীয় এই এয়ারলাইন্স দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে নতুন মাত্রা দিয়েছে। জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স হিসেবে বিমান শুধু একটি বাণিজ্যিক সংস্থা নয়, বরং এটি বাংলাদেশের মর্যাদার প্রতীক। 

দীর্ঘ পথচলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনেক উত্থান-পতন, সাফল্য এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে আজও দেশের মানুষের ভরসার প্রতীক হিসেবে বিদ্যমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কাজ হলো আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রী এবং মালামাল পরিবহন করা। এর পাশাপাশি বিভিন্ন দেশের সাথে বিমান সেবা চুক্তি সম্পন্ন করা, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ করা, যাত্রীদের জন্য মানসম্পন্ন সেবা প্রদান, টিকিট বিক্রয়, লাগেজ সংক্রান্ত সহায়তা ও ফ্লাইট সংক্রান্ত তথ্য প্রদান এর অন্তর্ভুক্ত। 

বিমান বাংলাদেশের প্রধান কার্যালয় ঢাকা কুর্মিটোলায় অবস্থিত এবং এখান থেকেই সব প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়।

 বর্তমানে বিমানের নিজস্ব কল সেন্টার (১৩৬৩৬), ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীরা টিকিট বুকিং, ফ্লাইট তথ্য এবং অভিযোগ জানানোর সুযোগ পাচ্ছেন। বিমানের অন্যতম গর্ব তার আধুনিক উড়োজাহাজ বহর। বোয়িং ৭৭৭, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারসহ সর্বাধুনিক উড়োজাহাজ দিয়ে বিমান তার বহর সাজিয়েছে। নতুন প্রজন্মের এসব উড়োজাহাজ যাত্রীদের জন্য আরামদায়ক ও প্রযুক্তি সক্ষম ভ্রমণ নিশ্চিত করছে। 

ফ্লাইট চলাকালীন ইন্টারনেট, ওয়াই-ফাই, মোবাইল যোগাযোগ এবং ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সুবিধা এখন বিমানের যাত্রীদের জন্য বাড়তি আকর্ষণ। স্বাধীনতার পর থেকে বিমান ধীরে ধীরে গন্তব্য সংখ্যা বৃদ্ধি করেছে।

একসময় সর্বোচ্চ ২৯টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করত বিমান, যার পরিসর পশ্চিমে নিউইয়র্ক থেকে পূর্বে টোকিও পর্যন্ত বিস্তৃত ছিল। 

যদিও বিভিন্ন সময়ে অর্থনৈতিক ক্ষতি, দুর্নীতি এবং অদক্ষ ব্যবস্থাপনার কারণে কিছু রুট বন্ধ করতে হয়েছে, সামপ্রতিক সময়ে আবারও নতুন গন্তব্য চালু করা হয়েছে।

২০০৭ সালের ২৯ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয়। এর ফলে সংস্থার কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কমানো হয় এবং আধুনিকায়নের জন্য বড় ধরনের পদক্ষেপ নেয়া হয়।

২০০৮ সালে বোয়িং কোম্পানির সঙ্গে দশটি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি হয়, যা পরবর্তীতে ধাপে ধাপে বহরে যুক্ত করা হয়েছে। এর ফলে বিমানের ফ্লাইট সময়ানুবর্তিতা, জ্বালানি খরচ কমানো এবং যাত্রীসেবায় মানোন্নয়ন ঘটেছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি দ্বারা স্বীকৃত নিরাপদ এয়ারলাইন্স হিসেবে পরিচিত। পাশাপাশি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এর নিরাপত্তা নিরীক্ষায় উত্তীর্ণ হয়ে আন্তর্জাতিক মান বজায় রেখেছে। এই স্বীকৃতিগুলো শুধু বিমানের ভাবমূর্তি উন্নত করেনি, বরং আন্তর্জাতিক যাত্রীদের আস্থা অর্জন করেছে। এর ফলে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি রুটে ফ্লাইট পুনরায় চালু করা সম্ভব হয়েছে। সামপ্রতিক সময়ে নতুন ব্যবস্থাপনা দলের অধীনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সময়ানুবর্তিতা ও দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। 

ফ্লাইট দেরি কমানো, যাত্রীদের লাগেজ দ্রুত পৌঁছে দেয়া, অনলাইন টিকিটিং ও ডিজিটাল সেবা উন্নত করা এসব উদ্যোগ যাত্রী সন্তুষ্টি বাড়াতে সহায়ক হয়েছে। এছাড়াও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন সামাজিক দায়বদ্ধতার প্রকল্পে অংশ নিচ্ছে, যেমন জাতীয় দুর্যোগ মোকাবিলায় ত্রাণ সামগ্রী পরিবহন, হজযাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা এবং সরকারি বিদেশ সফরে সহায়তা প্রদান। তবে এখনো বিমানের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো অর্থনৈতিক চাপ। বৈশ্বিক জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ডলার সংকটের কারনেও বিমানের ব্যয় বৃদ্ধি করছে। বেসরকারি এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিযোগিতায় টিকে থাকতে সেবা মান আরও উন্নত করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধি করতে দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা এখনো বিমানের কার্যক্রমকে কিছুটা ব্যাহত করে। 

এছাড়া পুরাতন উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে ব্যয় বৃদ্ধি পেয়েছে, যা পরিচালন ব্যয়ের ওপর চাপ সৃষ্টি করে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশকিছু যুগোপযোগী ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে নতুন আন্তর্জাতিক রুট চালু করা, বহরে নতুন প্রজন্মের উড়োজাহাজ যুক্ত করা, যাত্রী সেবা মান আরও বাড়ানো এবং ডিজিটাল সেবা সমপ্রসারণ। 

এছাড়াও কার্গো পরিবহনে বড় বাজার তৈরি করার পরিকল্পনাও রয়েছে, যা দেশের রপ্তানি খাতকে সহায়তা করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুধু একটি এয়ারলাইন্স নয়, এটি বাংলাদেশের একটি জাতীয় গর্ব। স্বাধীনতার পর থেকে দেশের আকাশপথের যোগাযোগ গড়ে তোলায় এর অবদান অনস্বীকার্য। 

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও চ্যালেঞ্জ এখনো আছে, তবে আধুনিকায়ন, দক্ষ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি-নির্ভর সেবার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।

Link copied!