আমার সংবাদ ডেস্ক
মে ১৯, ২০২৬, ১০:০২ এএম
রাজধানীর বিজয় সরণি মোড়ের পাশে অবস্থিত কলমিলতা কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে লাগা আগুন প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ১৪ মিনিটে বাজারে আগুন লাগার খবর পায় তারা। এরপর দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহীনুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে দেখা গেছে, আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ক্ষতিগ্রস্ত অংশে কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে পুড়ে যাওয়া দোকানগুলোর মালামাল সরিয়ে নিতে ব্যস্ত ছিলেন ব্যবসায়ীরা।
এএন