মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা
সেপ্টেম্বর ২৬, ২০২২, ১১:০৩ পিএম
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিন পরিদর্শন করেছেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক খোঁজখবর নেন।
তিনি বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের নিয়ে আমরা বাঙালি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা মিলেমিশে বসবাস করে আসছি। যেকোনো পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি।
এসময় আরও উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা। মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, চুয়াডাঙ্গা। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় এ বছর ১২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও সার্বক্ষণিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।
এছাড়াও সাদা পোশাকে ডিবি, ডিএসবি মাঠে কাজ করবে।
এর আগে গতকাল সকালে আইজিপি ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে (হল অব প্রাইড) বাংলাদেশ পুলিশের সব অপারেশনাল ইউনিটের ইনচার্জদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। এ সময় আইজিপি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ এলাকায় আইনশৃঙ্খলা নিরাপত্তাসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ভিডিও কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. মারুফ হোসেন, ডিআইও-১, (সহকারী পুলিশ সুপার), মো. আলমগীর কবীর, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, চুয়াডাঙ্গা, ফকরুল আলম, টিআই (অ্যাডমিন), সদর ট্রাফিক, বিপ্লব কুমার নাথ, ইনচার্জ ক্রাইম সেকশন, বিপ্লব কুমার সাহা, ইনচার্জ, পুলিশ কন্ট্রোলরুম, চুয়াডাঙ্গা।