চট্টগ্রাম ব্যুরো
মার্চ ১৯, ২০২৪, ০৩:৩৪ পিএম
চট্টগ্রাম নগরীর ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও কিশোর গ্যাং লিডার খ্যাত নূর মোস্তাফা টিনুকে আবারও কারাগারো পাঠানো হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচলাইশ থানার একটি মামলায় জামিন প্রার্থনা করেন টিনু। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জেনারেল রেকর্ড অফিস (জিআরও) শাখার পুলিশের পরিদর্শক মো. আবু তাহের আমার সংবাদকে বলেন, কাউন্সিলর নূর মোস্তফা টিনুকে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।তিনি অপহরণ মামলার ৬ জনের মধ্যে এক নাম্বার আসামি।
মামলার বাদী যুবলীগ নেতা ও ব্যবসায়ী মেহেদি হাসানকে রোববার রাত সাড়ে ৮টার দিকে চকবাজার এলাকার মেডিক্যালের পূর্ব গেটের সামনে থেকে তুলে নিয়ে যায় কাউন্সিলর নূর মোস্তাফা টিনু। ঘণ্টাখানেক পর ছাড়া পেয়ে থানায় অভিযোগ করেন এবং পরে অপহরণ মামলায় রূপান্তর হয়।
মামলার বাদী মেহেদি হাসান আমার সংবাদকে বলেন, কাউন্সিলর নূর মুস্তাফা টিনুর বিশাল অপরাধ সাম্রাজ্য রয়েছে। অপরাধ তদন্ত করলে অনেক অজানা অপরাধের তথ্য বেরিয়ে আসবে। তার জামিন নামঞ্জুর করায় আমি অত্যন্ত আনন্দিত এবং তার সঠিক বিচার দাবি করছি।
ইএইচ