ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
মে ২৯, ২০২৪, ০৫:০৬ পিএম
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বেড়েছে। আমদানি বাড়ায় দেশীয় কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ২০ থেকে ৪০ টাকা।
বুধবার (২৯ মে) দুপুরে হিলি স্থলবন্দর ও বাজার ঘুরে দেখা যায়, একসপ্তাহ আগে বুধবার (২২ মে) দেশীয় কাঁচামরিচ প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হয়েছে।
একই কাঁচা মরিচ আজ বুধবার (২৯ মে) মানভেদে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে বন্দরের আমদানিকৃত কাঁচা মরিচ পাইকারি ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, গত ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত ভারতীয় ২২ টি ট্রাকে ২১২ মেট্রিক টন ২০০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
বেশ কিছুদিন ধরে হিলিতে কাঁচামরিচের বাজার অস্থির হয়ে ওঠে। দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যায়। তবে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার পর দাম কিছুটা কমেছে।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা শেখ বিপ্লব বলেন, বেশ কিছুদিন ধরে প্রচণ্ড রোদের কারণে কাঁচামরিচ উৎপাদন কমে যায়। তাই বাজারে সরবরাহ কম ছিল। তাতে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হয়েছে। এখন ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। তাই দাম কমে এসেছে।
পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, অনুমতি পাওয়ার পর গেলো বৃহস্পতিবার (২৩ মে ) বিকেলে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এখন প্রতিদিনই হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হচ্ছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে দ্রুত ছাড়করণ করা হচ্ছে এসব কাঁচা মরিচ। এতে বন্দর থেকে সরকারের রাজস্ব আয় যেমন বেড়েছে, তেমনি বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের দৈনন্দিন আয়ও বেড়েছে।
বিআরইউ