নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২৪, ১০:৪৪ এএম
ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। বন্যায় নতুন করে শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ভাঙনের ফলে অন্তত ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ধসে যায়।
শুক্রবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে প্রায় ৩০০ ফুট প্রস্থ জুড়ে নদীর বাঁধ ধসে লোকালয়ে পানি প্রবেশ করছে। ধসের পরিমাণ ক্রমেই বাড়ছে।
স্থানীয়রা জানান, গত ৫০ বছরে এই এলাকার বাধ ভাঙতে দেখেননি তারা। ফলে বন্যা মোকাবিলার পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে অনেকেই বিপাকে পড়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, এখন পর্যন্ত বুড়িচং সদর, বাকশীমূল এবং ঘোলনল ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম শতভাগ প্লাবিত হয়ে গেছে।
ঘর-বাড়িগুলো পুরোপুরি তলিয়ে গেছে। সেখানে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে। স্রোতের তীব্রতার কারণে উদ্ধারকারী দল কাজ করতে পারছে না।
বিআরইউ