ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
অক্টোবর ১০, ২০২৪, ০১:২১ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ভূঞাপুর উপজেলার কষ্টাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের সাইফুল ইসলাম উপজেলার কুকাদাইর গ্রামের মৃত বদি তালুকদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় মাংসের ব্যবসা করতো সাইফুল। গতকাল দুপুরে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাতে বাড়ি না ফেরায় খোঁজ নিতে থাকে পরিবারের লোকজন।
বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের কষ্টাপাড়া এলাকায় রাস্তার পাশে স্থানীয় লোকজন সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন- পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য সাইফুলের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর হত্যার আসল কারণ জানা যাবে৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিআরইউ