মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৫:৫৭ পিএম
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, একটি দল নির্বাচন বানচাল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। সুষ্ঠু নির্বাচন হলে তারা দশটি আসনও পাবে না। ফেনী-১ আসন বেগম খালেদা জিয়ার আসন, এবং এ আসনের জনগণ ধানের শীষের পক্ষে ভোট দেবে।
তিনি বুধবার দুপুরে ফুলগাজী স্টেশন রোডে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মজনু আরও বলেন, যারা ফ্যাসিবাদীদের আশ্রয় দেবে তাদের বিরুদ্ধে কঠোর দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে বহু দলপ্রেমিক বড় নেতাকে বহিষ্কার করা হয়েছে। ফ্যাসিবাদীরা দলের মধ্যে ঢুকে বিভেদ সৃষ্টি ও ভাঙন ধরানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
আলোচনা সভার সভাপতি ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ।
সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি ও পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার যৌথভাবে সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি প্রমুখ।
আলোচনা সভার শেষে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
র্যালিতে যুবদল, ছাত্রদল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ইএইচ