নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:৩৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাদ্যগুদামের মাত্র ১০০ মিটার দূর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় পাঁচ হাজার কেজি সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে উপজেলা সদরের মহাখালপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে দুই শ্রমিককে আটক করে পুলিশ।
অভিযুক্ত দোকানদাররা হলেন স্থানীয় ব্যবসায়ী মোতাহার মিয়া ও রহমত আলী। তাদের দোকান থেকে চাল সরানোর সময় আটক করা হয় দুই শ্রমিককে। তারা হলেন শাহা কামাল মিয়া ও জুয়েল মিয়া—দুজনই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সরকার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। নাসিরনগরে প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য চাল বরাদ্দ রয়েছে। তবে চাল বিতরণ শুরুর আগেই সরকারি সিলমোহরযুক্ত ১৪০ বস্তা চাল এবং আরও প্রায় ১৫০টি খালি সরকারি বস্তা উদ্ধার করা হয় দোকান থেকে।
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, আমাদের গুদাম থেকে নিয়মিত ডিলাররা চাল সংগ্রহ করে উপকারভোগীদের মধ্যে বিতরণ করছেন। কীভাবে সরকারি বস্তাগুলো ওই দোকানে এলো, তা দোকানদার ও সংশ্লিষ্ট ডিলাররা ভালো জানবেন।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, আমি এখনই কিছু বলতে পারছি না। অফিসে এসে বিস্তারিত জানাতে পারব।
অভিযুক্ত পলাতক দুই দোকানি মোতাহার মিয়া ও রহমত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। একাধিকবার ফোন করলেও সাড়া দেননি তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি সিলমোহরযুক্ত ১৪০ বস্তা চাল এবং ১৫০টি খালি বস্তা জব্দ করা হয়েছে। এ সময় দুই শ্রমিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। সরকারি চাল কীভাবে দোকানে এলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জেএইচআর