মিরাজ আহমেদ, মাগুরা
অক্টোবর ১৮, ২০২৫, ০৫:৪৫ পিএম
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ (১৪) আত্মহত্যা করেছে। ধরনা করা হচ্ছে প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে। গত ২-৩ দিন ধরে তানভীর বাড়ি থেকে বের হচ্ছিল না বলে জানান পরিবারের সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে সে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়ায়, শফিকুল ইসলামের (দারোগা) বাড়িতে তানভীরের পরিবার ভাড়া থাকত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও, পরদিন দুপুরে গাংনী উপজেলার পাঠখালি গ্রামের নিজ বাড়িতে লাশ দাফন করা হয়।
তানভীরের বাবা তরিকুল মহুরী বলেন, আমার ছেলেটা ভালো ছাত্র ছিল। কিছুদিন ধরে মনমরা হয়ে থাকত। এক মেয়ের সঙ্গে তার যোগাযোগ ছিল। কীভাবে সে এমন সিদ্ধান্ত নিল বুঝতে পারছি না। পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইমরুর বলেন, তানভীর ছিল মেধাবী ও বিনয়ী ছাত্র। কয়েকদিন ধরে সে ক্লাসে আসছিল না। এমন মর্মান্তিক ঘটনায় আমরা হতবাক। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকেও এখন নজর দেয়া জরুরি।
মাগুরা সদর থানার (ওসি) আইয়ুব আলী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের অনুরোধে পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি, প্রয়োজনে তদন্ত পুনরায় শুরু করা হবে।
জেএইচআর