বগুড়া প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৫, ০৭:২৮ পিএম
বগুড়ার নন্দীগ্রামে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষ প্রতীক নিয়ে মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণ পরিবর্তন চাইছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ভোটারদের মন জয় করতে ঘরে ঘরে যেতে হবে, আর ভোট সুরক্ষায় থাকতে হবে ঐক্যবদ্ধ।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল রহমান সুমন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী ও স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক রঙ্গিন।
এছাড়া বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ ও থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুর রহমান। সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, আগামী নির্বাচনে শক্তিশালী ভোট ব্যবস্থাপনা গড়ে তুলতে ওয়ার্ড পর্যায়ে সংগঠনের ওপর আরও জোর দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভা শেষে অতিথিরা লিফলেট বিতরণ ও ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার কর্মসূচিতে অংশ নেন।
জেএইচআর