টাঙ্গাইল প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৫, ০৯:১৩ পিএম
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে ‘লাল কার্ড’ হাতে নিয়ে প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে দেউলাবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হামিদপুর, কদমতলী, মোগলপাড়া, কালিদাসপাড়া, হরিপুর, গুণগ্রাম, ঘাটাইল, বানিয়াপাড়া, ক্যান্টনমেন্ট (পোড়াবাড়ি), পাকুটিয়া ও দেউলাবাড়ি এলাকাজুড়ে নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘বয়কট বয়কট, বহিরাগত বয়কট’, ‘বহিরাগতের ঠিকানা, ঘাটাইলে হবে না’, ‘ঘাটাইলের মাটি, আজাদ ভাইয়ের ঘাটি’ স্লোগান দিয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
এ সময় ট্রাকে স্থাপিত অস্থায়ী মঞ্চ থেকে স্থানীয় নেতারা দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবি তুলে বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসিরকে মনোনয়ন দিয়েছে, যিনি বাসাইলের বাসিন্দা। ঘাটাইলের নেতাকর্মীরা তাকে প্রত্যাখ্যান করেছেন বলে তারা দাবি করেন।
নেতারা দ্রুত এ মনোনয়ন বাতিল করে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক যুববিষয়ক সম্পাদক কামরুজ্জামান ভূঞা, পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, যুবদল ও ছাত্রদলের একাধিক সাবেক নেতাকর্মীসহ অনেকে।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর কেন্দ্রীয় বিএনপি টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটিতে প্রার্থীর নাম ঘোষণা করে। এরমধ্যে ঘাটাইল আসনে এসএম ওবায়দুল হক নাসিরকে মনোনয়ন দেওয়া হয়।
জেএইচআর