মতলব (চাঁদপুর) প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৫, ০৭:৪৩ পিএম
চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার সমর্থকবৃন্দ মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন এ আসনের উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার সন্ধ্যার পর মতলব উত্তর–দক্ষিণ সংযোগস্থল মতলব ব্রিজের টোল প্লাজা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয়। এ সময় মশাল মিছিলকারীরা মনোনয়ন পরিবর্তনের দাবি তুলে বিভিন্ন স্লোগান দেন।
মশাল মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের সময় বক্তারা বলেন, মতলব উত্তর–দক্ষিণের নেতা-কর্মীরা আজ রাজপথে দাঁড়িয়েছি। এই আসনের ভুল মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাকে মনোনয়ন দিতে হবে।
তারা অভিযোগ করেন, চাঁদপুর-২ নির্বাচনী আসনে সঠিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের আস্থার প্রতিফলন হয়নি। যদি সঠিক মূল্যায়ন হতো, তাহলে দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকা তানভীর হুদাই মনোনয়ন পেতেন। উল্লেখ্য, তার বাবা মরহুম নুরুল হুদা এ আসনে বিএনপি থেকে ৪ বার সংসদ সদস্য ও ২ বার প্রতিমন্ত্রী ছিলেন।
বক্তারা আরও বলেন, তানভীর হুদা দলীয় কর্মীদের দুঃসময়ে আগলে রেখেছেন, জেলে যাওয়া নেতা-কর্মীদের পরিবারকে সহায়তা করেছেন এবং নিজেও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় কারাবরণ করেছেন। তারা দাবি করেন, তানভীর হুদাকে চূড়ান্ত মনোনয়ন না দিলে চাঁদপুর-২ আসনে বিএনপি পরাজিত হবে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আসনটি পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।
ইএইচ