ফেনী প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:১৬ পিএম
ফেনী-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ঈগল প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’ এর সমর্থনে সাইকেল যাত্রা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার সকালে ছাত্রশিবির শহর শাখার আয়োজনে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে এ কর্মসূচিতে তিন শতাধিক তরুণ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মজিবুর রহমান মঞ্জু।
সংগঠনের শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চাকসুর সাবেক জিএস সাঈদ বিন হাবীব ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম।
এ সময় জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, শিবিরের সাবেক শহর সভাপতি তারেক মাহমুদ ও মইনুল ইসলাম জুবায়ের উপস্থিত ছিলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, গতকাল ঢাকায় ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যে সমাবেশ ও প্রতিবাদ ছিল, সেখানে নিরীহ ছাত্র জনতার ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। আমরা এর ধিক্কার জানাই। যে পুলিশ ওসমান হাদিকে হত্যার সময় কোনো নিরাপত্তা দিতে পারেনি, খুনিরা কোথায় আছে সেটা নির্ধারণ করতে পারেনি এবং খুনিদের পালিয়ে যাওয়ার সময় ধরতে পারেনি, সেই পুলিশ নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এখনো ফ্যাসিবাদের তাবেদারি করছে। আমরা এর বিচার চাই।
তিনি আরও বলেন, তরুণরাই রাষ্ট্র বদলাবে এবং নতুন দেশ গড়ে তুলবে। তরুণরা পুরোনো গ্লানি মুছে দিয়ে লড়াই করবে। তরুণরা আজাদী এনেছিল ৪৭ ও ৭১ এ, প্রতিবাদ করেছিল ৯০ এ। সবশেষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে তরুণরাই। এর মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।
ইএইচ