মিজানুর রহমান, ফেনী
ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:৩০ পিএম
ফেনী শহরের দৃষ্টিনন্দন জহিরিয়া মসজিদে গত দেড়যুগ ধরে নিয়মিত আয়োজন করা হচ্ছে গণইফতার। রমজান মাসে প্রতিদিন আসর নামাজের পর থেকেই এই বিশাল আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন স্বেচ্ছাসেবকরা।
ইফতারের থালায় রোজাদারদের জন্য পরিবেশন করা হয় ছোলা, খেজুর, জিলাপিসহ হরেক রকম ইফতারি। বিশেষ দিনগুলোতে আয়োজন করা হয় বিরিয়ানির। রিকশাচালক থেকে শুরু করে দিনমজুর, শিক্ষার্থী ও চাকরিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে বসে এই ইফতারে শামিল হন।
মসজিদ কমিটির সংশ্লিষ্টরা জানান, জহিরিয়া মসজিদের তৃতীয় তলায় প্রতিদিন দেড় হাজারের অধিক রোজাদার ইফতার করেন। নিজস্ব বাবুর্চি দিয়ে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে এসব খাবার তৈরি করা হয়। ইফতার কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল ও যুগ্ম-আহ্বায়ক এমদাদুল হাসান বিপ্লবসহ একদল নিবেদিতপ্রাণ সদস্য এই ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন।
যুগ্ম-আহ্বায়ক এমদাদুল হক বিপ্লব জানান, জহিরিয়া মসজিদে ইফতারের এই আয়োজন এখন একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। সওয়াবের উদ্দেশ্যে অনেক বিত্তবান ব্যক্তি এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করেন বলে তিনি উল্লেখ করেন।
মসজিদের মুসল্লি প্রতিনিধি মো. ফারুক হারুন জানান, ২০০৭ সালে মক্কায় হারাম শরিফে ইতিকাফ করার সময় সেখানকার গণইফতার দেখে তিনি অনুপ্রাণিত হন। এরপর ২০০৮ সাল থেকে জহিরিয়া মসজিদে সেই আদলে ইফতার কার্যক্রম শুরু করেন। শুরুতে ২০০ জন রোজাদার দিয়ে শুরু হলেও এখন তা হাজার ছাড়িয়ে গেছে বলে তিনি জানান।
ফারুক হারুন আরও জানান, মসজিদের নিজস্ব তহবিল ছাড়াও মুসল্লিদের দান-অনুদানে এই বিশাল আয়োজনের ব্যয়ভার বহন করা হয়। এই ইফতারের মাধ্যমে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে এক অভূতপূর্ব ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয় বলে তিনি মন্তব্য করেন।
জেএইচআর