ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঈদযাত্রায় পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায়, ২৪ ঘণ্টায় সাড়ে ৪ কোটি টাকা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৯, ২০২৬, ০৩:১৫ পিএম

ঈদযাত্রায় পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায়, ২৪ ঘণ্টায় সাড়ে ৪ কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় পদ্মা সেতু ও ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যানবাহনের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ঈদযাত্রার তৃতীয় দিনে গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৪১ হাজার ৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৫০ টাকা।

বৃহস্পতিবার সকাল থেকেই সেতুর উত্তর টোল প্লাজা এলাকায় যানবাহনের সারি দেখা যায়। মাঝে মধ্যে কিছুটা চাপ তৈরি হলেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা তুলনামূলক স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

সরকারি ও বেসরকারি পরিবহনের পাশাপাশি মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি এবং পিকআপ-ট্রাকেও করে যাত্রীদের বাড়ি ফিরতে দেখা গেছে। সেতুর নির্ধারিত বুথগুলোতে নিয়মিত টোল পরিশোধের মাধ্যমে যানবাহন পারাপার অব্যাহত রয়েছে।

তবে যাত্রীদের অভিযোগ, অন্যান্য দিনের মতোই এদিনও কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং পর্যাপ্ত যানবাহনের সংকট রয়েছে। উত্তর টোল প্লাজা সংলগ্ন এলাকায় যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, মাওয়া প্রান্তে ১০টি এবং জাজিরা প্রান্তে ৯টি বুথ ২৪ ঘণ্টা চালু রেখে দ্রুত টোল আদায় নিশ্চিত করা হচ্ছে। যানবাহনের চাপ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ বলেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টোল প্লাজার সক্ষমতা বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতি তিন সেকেন্ডে প্রায় ১০টি যানবাহন টোল দিয়ে সেতু পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য আলাদা তিনটি লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় করা হচ্ছে। এছাড়া উত্তর প্রান্তে বিশেষ ‘বাস বে’ নির্মাণ করায় যানবাহনের বিশৃঙ্খলা কমেছে।

আইনশৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশও সক্রিয় রয়েছে। শ্রীনগরের হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহামুদুল হক জানান, দুটি মোবাইল টিম ও চারটি পেট্রোল টিমসহ ছয়টি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের চাপ কিছুটা বেশি থাকলেও কার্যকর ব্যবস্থাপনার কারণে দ্রুত টোল পরিশোধ করে যানবাহনগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে।

জেএইচআর

Link copied!