রাকিবুল হাসান, রাজশাহী
মার্চ ২৪, ২০২৬, ০৩:৪৬ পিএম
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার সকালে নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শেষে বিভিন্ন বিভাগ ও শাখার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত হয়ে দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই আদর্শ অনুসরণ করে সকল কর্মকর্তা-কর্মচারীকেও যথাসময়ে অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি স্পষ্ট করে বলেন, সিটি কর্পোরেশন একটি নাগরিক সেবামূলক প্রতিষ্ঠান এবং এখানে কোনো রাজনৈতিক পরিচয় নেই; সবাই রাষ্ট্রের কর্মচারী হিসেবেই কাজ করবেন।
প্রশাসক আরও উল্লেখ করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের বিঘ্ন বা অবহেলা সহ্য করা হবে না জানিয়ে তিনি সতর্ক করে দেন যে, কারো গাফিলতির কারণে সেবায় ব্যাঘাত ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে নগর ভবনে পৌঁছে প্রশাসক ভবনের প্রথম তলা থেকে দশম তলা পর্যন্ত বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর, সচিবালয়, প্রকৌশল, হিসাব, রাজস্ব, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেন রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ এবং বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেএইচআর