দিনাজপুর প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৬, ০৬:৩৩ পিএম
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব পালনের প্রথম দিন অতিবাহিত করেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় তিনি জেলা পরিষদ ভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে পরিষদের প্রধান কর্মকর্তা মোখলেসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তিনি পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং পরিষদের সার্বিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এদিকে, জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মঙ্গলবার সকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “আমি আমার দল ও নেতাকর্মীদের মুখ উজ্জ্বল করতে সর্বাত্মক চেষ্টা করব। রাজনীতির গতানুগতিক ধারা বদলে যাবে, তাই আমাদের নেতাকর্মীদের আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে।” তিনি দল ও দেশের কল্যাণে প্রতিটি কর্মীকে নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানান।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, মো. নওশাদ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ এবং দপ্তর সম্পাদক প্রভাষক মো. আখতারুজ্জামান আখতারসহ আরও অনেক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান। এছাড়াও হলিল্যান্ড কলেজের পরিচালক মো. আফজাল হোসেন, মো. সালাহ উদ্দীন খোকন এবং জমিয়তে ওলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জেএইচআর