আমার সংবাদ ডেস্ক
মার্চ ২৮, ২০২৬, ০৯:৫৬ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি নিহতের ১০০ দিন পরও বিচার না হওয়ায় ক্ষোভ ও প্রত্যাশার মধ্যে ঝালকাঠির নলছিটিতে আত্মপ্রকাশ করল ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’।
ওসমান হাদির বোন মাসুমা হাদির উদ্যোগে শনিবার বিকালে নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নানা শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সংগঠনটির লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়- বাংলা সংস্কৃতি রক্ষা, ভিনদেশি আধিপত্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং ওসমান হাদি হত্যার বিচার।
উদ্বোধনী বক্তব্যে মাসুমা হাদি বলেন, “ভাইয়ের কণ্ঠস্বর যেন হারিয়ে না যায়, তার স্বপ্ন যেন থেমে না থাকে এ লক্ষ্য নিয়েই এই মঞ্চের যাত্রা শুরু।”
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “১০০ দিন পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বিচার প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ছে। দ্রুত খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে নালছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুজন খান এবং সংগঠক শাহাদাৎ ফকির বক্তব্য দেন। তারা ওসমান হাদির আদর্শ ধারণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় আমির হোসেন, জিয়াউল কবির মিঠু, ইসমাইল মুসাফির, লাভলু ব্যাপারী, মহুয়া ইসলাম, বালী তূর্য, সাথী আক্তার, খালিদ সাইফুল্লাহ, ইমরান হোসেন, মারজান খান, আমিনুলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় ওসমান হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
এএন