আমার সংবাদ ডেস্ক
মার্চ ৩০, ২০২৬, ০৮:৪৬ পিএম
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান নিজের সরকারি বাসভবনে সড়ক দুর্ঘটনার শিকার না হয়েও বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকালে নগরীর কোতোয়ালি থানার সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলোতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, সকালে বাংলোর বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে মারাত্মক আঘাত পান এসপি নাজির আহমেদ খান। বাসার কর্মচারীরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে।
চমেক হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ হেলিকপ্টারে করে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ঢাকায় পৌঁছানোর পর তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর/পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
জেএইচআর