বরিশাল ব্যুরো
এপ্রিল ২, ২০২৬, ০৭:৫৭ পিএম
সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ব্যক্তি পরিবর্তনের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত ইতিবাচক রূপান্তর সম্ভব।
বৃহস্পতিবার দুপুরে বরিশালে চরমোনাই মাহফিলের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, একজন আত্মশুদ্ধ মানুষ পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকে এবং দুর্নীতি ও অন্যায় কমিয়ে সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
ড. খালিদ হোসেন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সুস্থ সমাজ গঠনের জন্য প্রথমে নিজেকে পরিবর্তনের মানসিকতা গড়ে তুলতে হবে। ব্যক্তি পর্যায়ে নৈতিকতা ও চরিত্রের অভাবই বর্তমান সমাজের নানা সংকটের মূল কারণ। আত্মশুদ্ধি বা আত্মসমালোচনার চর্চা ছাড়া সমাজে শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠা করা কঠিন। মানুষ যদি নিজের ত্রুটি নিজে দেখতে শেখে, তবে অন্যের সমালোচনার প্রবণতা কমে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়।
বর্তমান সময়ের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নৈতিক অবক্ষয়কে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন তিনি। ড. খালিদ হোসেন বলেন, শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া এবং পারিবারিকভাবে মূল্যবোধ চর্চা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। পরিবারই হলো মূল্যবোধ শেখার প্রথম স্কুল, তাই শিশুদের মধ্যে সততা, সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা ছোটবেলা থেকেই দিতে হবে।
তিনি আরও বলেন, শুধু বাহ্যিক বা অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; সামাজিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ না ঘটলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সমাজের স্থিতিশীলতা ও কল্যাণের জন্য ব্যক্তির চরিত্র গঠন অপরিহার্য। নিজেকে পরিবর্তন করলেই সমাজ বদলায় এবং সমাজ বদলালে রাষ্ট্র বিকশিত হয়। নিজের ভেতরের দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধন করা আমাদের সকলের নাগরিক দায়িত্ব বলে তিনি জোর দিয়ে বলেন।
জেএইচআর