চাঁদপুর প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৬, ০১:৪৭ পিএম
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৩৮ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স।
শুক্রবার বিকেল থেকে শনিবার ভোর পর্যন্ত পরিচালিত এক অভিযানে ইশানবালা এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। শনিবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা মৎস্য অফিস জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেল ৪টা থেকে টাস্কফোর্স মেঘনা নদীতে টহল শুরু করে। অভিযানে আটক হওয়া ৩৮ জেলের মধ্যে ১৫ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মানবিক দিক বিবেচনা করে ১০ জন শিশু জেলেকে মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আটককৃত জেলেরা সবাই শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রা এলাকার বাসিন্দা।
শনিবার রাত ১১টার দিকে কাটাখালি লঞ্চঘাটের পন্টুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।
হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এ.বি.এম আশরাফুল হক বলেন, জাটকা রক্ষায় সরকার ঘোষিত অভয়াশ্রমে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। শুক্রবার বিকেল থেকে শনিবার ভোর সাড়ে ৩টা পর্যন্ত এই বিশেষ অভিযান চলেছে। নদীতে নিয়মিত টহল অব্যাহত রয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।
অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদসহ মৎস্য অধিদপ্তর ও টাস্কফোর্সের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাটকা রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
জেএইচআর